কটাক্ষ করে সংবাদ প্রকাশের জেরে ভারতের জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

২২ আগষ্ট, ২০২৪ ০০:৩৯  

বাংলাদেশের বন্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’ কটাক্ষ করে সংবাদ প্রকাশ করার পর নিজেদের কান্ট্রি ডোমেইনে থাকা ‘জি মিডিয়া’র ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেমএডমিনবিডি। জি-২৪ ঘণ্টা জি মিডিয়ার অধীনস্ত একটি সংবাদমাধ্যম।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখা যায়।

ওয়েবসাইটে সংবাদ মাধ্যমটিকে সতর্ক করে লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল কফরে ধ্বংস করবো। তাছাড়া, ওয়েসাইটের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাকড বাই সিস্টেমএডমিনবিডি।

ওয়েবসাইটটিতে জি ২৪ ঘণ্টায় প্রকাশিত ‘ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…’ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনসটও যুক্ত করা আছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে।

বস্তুত, বুধবার বিকেলে ‘জি- ২৪ ঘণ্টা’ এর একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে- ‘ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি...’।

শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। পরে সমালোচনার মুখে ওই শিরোনামটি পরিবর্তন করা হয়।